রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে এ সময় ২৭টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানান।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ থেকে ১২২ জন, মতিঝিল বিভাগ থেকে ৯৬ জন, উত্তরা বিভাগ থেকে ৪৯ জন, লালবাগ বিভাগ থেকে ২৪ জন, রমনা বিভাগ থেকে ২৭ জন, ওয়ারী বিভাগ থেকে ৩৬ জন, গুলশান বিভাগ থেকে ৩৮ জন এবং তেজগাঁও বিভাগ থেকে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের সময় তাদের হেফাজত থেকে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০ পিস ইয়াবা, ৩০টি মোবাইল, ৩টি চাকু, ১টি বৈদ্যুতিক শক দেওয়া যন্ত্র, ৩টি পরিত্যক্ত গুলি, ১টি মিশুক গাড়ি, ১টি মোটরসাইকেল এবং ১ জন ভিকটিম উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।