August 21, 2026, 12:56 pm

মুসলিম দেশগুলোর সম্পদ লুটের পরিকল্পনা করছে শত্রুরা: গালিবাফ

মুসলিম দেশগুলোর সম্পদ লুটের পরিকল্পনা করছে শত্রুরা: গালিবাফ

মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামাল লুটের চেষ্টা করছে শত্রুরা, এমন মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তিনি যুক্তরাষ্ট্রের আরোপিত ‘অন্যায্য নিষেধাজ্ঞা’ মোকাবিলায় পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

শুক্রবার (২১ আগস্ট) ইরাকের রাজধানী বাগদাদে ইরানি ও ইরাকি ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে গালিবাফ এসব কথা বলেন। তিনি বলেন, মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামালের দিকে তাকালে বোঝা যায়, শত্রুরা সেগুলো লুট করতে চায়।

গালিবাফ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি সামরিক সংঘাতে জয়ী হতে না পেরে এখন অর্থনৈতিক ও ‘মানসিক’ যুদ্ধ চালাচ্ছে। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

এছাড়া, ইরাক ও ইরানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান তিনি। দুই দেশের বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে নিজেদের মুদ্রা ব্যবহারের প্রস্তাবও দেন গালিবাফ।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা দেন। তিনি জানান, নিষেধাজ্ঞার বিস্তারিত সোমবার প্রকাশ করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা