ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের তথ্য ডিজিটালাইজ করে অনলাইনে উন্মুক্ত করার বিষয়ে নির্দেশনা চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (৯ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফাহমিদা আখতার। তিনি জানান, দেশের অপরাধের সংখ্যা বাড়তে থাকায় দণ্ডিত আসামিদের তথ্য নিয়ে একটি অনলাইন ডাটাবেজ তৈরি করা প্রয়োজন। এ ডাটাবেজে দণ্ডিত ব্যক্তিদের রেকর্ড জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে।
ফাহমিদা আখতার বলেন, এমন ডাটাবেজ চালু হলে সামাজিক সমালোচনা ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা অপরাধীদের অপরাধ পুনরায় করার ক্ষেত্রে নিরুৎসাহিত করতে পারে। এছাড়া, কর্মসংস্থান বা গৃহস্থালি কাজে নিয়োগের আগে ব্যক্তির পটভূমি যাচাইয়ের সুযোগ তৈরি হবে।
তিনি আরও উল্লেখ করেন, দেশে অপরাধের পর শাস্তির বিধান থাকলেও অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় অবকাঠামো ও যাচাই প্রক্রিয়ার ঘাটতি রয়েছে। এ বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন।
শুনানি শেষে আদালত স্বরাষ্ট্রসচিব, আইনসচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।