September 12, 2026, 1:18 pm

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সামারি ট্রায়ালের ৫ অভিযুক্ত, সিআর ওয়ারেন্টভুক্ত ২ আসামি ও অন্যান্য মামলার ১ রয়েছে ।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সামারি ট্রায়ালের অভিযুক্ত হিসেবে নয়ন (২৮), নাসিম (২৮), আসলাম (৫৬), শয়ন (২১) ও জাহিদ (৪০)কে গ্রেফতার করা হয়। এ ছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদ ও শুভ (১৯) এবং অন্যান্য মামলার আসামি মিতু (২১)কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারদের মধ্যে নয়ন সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালু হাজী রোড এলাকার বাসিন্দা। নাসিম ও আসলাম সুমিলপাড়া বিহারী ক্যাম্পের বাসিন্দা। শয়ন সুনামগঞ্জের বাসিন্দা হলেও বর্তমানে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ী মাঝিপাড়া এলাকায় বসবাস করছিলেন। জাহিদ গোদনাইল এলাকার বাসিন্দা।

অন্যদিকে ওয়ারেন্টভুক্ত জাহিদ সুমিলপাড়া বিহারী কলোনির বাসিন্দা এবং শুভ ঢাকার নবাবগঞ্জের মুন্সীনগর এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। গ্রেফতার মিতু সুমিলপাড়া বিহারী ক্যাম্পের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা