অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির দাবি, এই সহিংসতার পেছনে ইসরায়েলি রাষ্ট্রের সমর্থন রয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অ্যামনেস্টির গবেষণা, অ্যাডভোকেসি, নীতি ও প্রচারবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েভারা রোসাস উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পশ্চিম তীরজুড়ে রাষ্ট্রীয় মদদপুষ্ট বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।
রোসাস পশ্চিম তীরের কুসরা এলাকার পরিস্থিতি তুলে ধরে জানান, বসতি স্থাপনকারীদের হামলার পর তিনটি ফিলিস্তিনি পরিবার অবরুদ্ধ অবস্থায় রয়েছে। তাদের বাড়িতে হামলা চালানোর পাশাপাশি খাদ্য ও পানির সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
অ্যামনেস্টির এই কর্মকর্তা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনিদের সুরক্ষা দিতে এবং ইসরাইলকে জবাবদিহির আওতায় আনতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কুসরা গ্রামের তিনটি ফিলিস্তিনি বাড়ি ঘেরাও করে রেখেছে ইসরাইলি সেটেলাররা।
এছাড়া, মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনিদের বাড়িঘর অবরুদ্ধ করে রাখার ঘটনা ‘ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড’। তিনি বলেন, এই ধরনের কর্মকাণ্ড অপরাধমূলক এবং এর কোনো অজুহাত নেই।