September 7, 2026, 5:07 pm

প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেন, মন্ত্রীর বক্তব্যে ভিন্ন ব্যাখ্যা: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় সংসদে গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীর বক্তব্যের মধ্যে পার্থক্যের বিষয়টি তুলে ধরেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি ‘সাবমিসিভ ওয়েতে’ স্বীকার করে দুঃখপ্রকাশ করেছেন। অথচ সংশ্লিষ্ট মন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে ভিন্ন ধরনের ব্যাখ্যা শোনা গেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে ৬৮ বিধিতে বিরোধী দলের উত্থাপিত নোটিশের ওপর আলোচনা শেষে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

অধিবেশনের এ পর্যায়ে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

৬৮ বিধির নোটিশের ওপর বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিরোধীদলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন।

আলোচনা শেষে বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, দুঃখপ্রকাশের বিষয়টি জাতির সামনে পরিষ্কারভাবে তুলে ধরার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যেভাবে বিষয়টি স্বীকার করে দুঃখপ্রকাশ করেছেন, সেটি ইতিবাচক। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রীর কাছ থেকে ভিন্ন ব্যাখ্যা শোনা যাচ্ছে। তার ভাষায়, ‘তার লম্বা, এ কারণে বিদ্যুৎ চলে গেছে।’

গ্যাস-জ্বালানি সংকটে শিল্প-কারখানা বন্ধের আশঙ্কা

সংসদে উত্থাপিত নোটিশে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, দেশে তীব্র গ্যাস ও জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে শহর ও গ্রাম উভয় এলাকাতেই ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় শত শত শিল্প-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। এতে প্রতিদিন হাজার হাজার মানুষ চাকরি হারিয়ে বেকার হচ্ছেন। একই সঙ্গে উৎপাদন ও রপ্তানি কমে দেশের অর্থনীতি বড় ধরনের সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।

জাতীয় এই সংকট মোকাবিলা, শিল্প ও বাণিজ্য খাত রক্ষা এবং বেকারত্ব রোধে সরকারের করণীয় নির্ধারণে সংসদে দ্রুত আলোচনা ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

গত ২৭ আগস্ট দেওয়া এই নোটিশে ডা. শফিকুর রহমানের সঙ্গে আরও পাঁচ সংসদ সদস্য নোটিশদাতা হিসেবে রয়েছেন। তারা হলেন গাজীপুর-৪ আসনের সালাহ উদ্দিন আইয়ুবী, চুয়াডাঙ্গা-২ আসনের মো. রুহুল আমিন, খুলনা-৬ আসনের মো. আবুল কালাম আজাদ, কুড়িগ্রাম-৩ আসনের মো. মাহবুবুল আলম এবং ময়মনসিংহ-৬ আসনের মো. কামরুল হাসান।

কালেরচিত্র/এমআ

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা