রাজধানীর উত্তরা এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হকের সঙ্গে সংশ্লিষ্ট ডিএল পেট্রোল পাম্পের এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি আশাবাদ ব্যক্ত করেছে যে, দ্রুতই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, "আমরা সবাই এটা নিয়ে কাজ করছি। অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতেছি। আমরা আশাবাদী, অচিরেই আমরা আসামিদের ধরে ফেলবো।"
তিনি আরও জানান, ঢাকা মহানগরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অধিকাংশ ঘটনার সফল উদঘাটন করেছে ডিবি। সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনাটিও উদঘাটন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঘটনাটি ঘটে ৯ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে, যখন উত্তরা র্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি টাকা বহনকারী গাড়িটির গতিরোধ করেন এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয় এবং নিয়ম অনুযায়ী, প্রতিদিনের বিক্রির টাকা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া হতো। ছিনতাইয়ের দিনও বিপুল পরিমাণ টাকা ব্যাংকে জমা দিতে নেওয়া হচ্ছিল।