ভারতের বেঙ্গালুরুর বাগালাগুন্টে একটি ডুপ্লেক্স বাড়ি থেকে ৫২ বছর বয়সী এক বৃদ্ধার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক বছর আগে তার মৃত্যু হয়েছে। এত দীর্ঘ সময় ধরে বাড়ির ভেতরে মরদেহ পড়ে থাকলেও বিষয়টি কেউ জানত না।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত বৃদ্ধার নাম দক্ষিণী। তিনি বাগালাগুন্টের হাভানুর লে-আউট এলাকার ওই বাড়িতে একাই বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণীর স্বামী উমেশ প্রায় ১০ বছর আগে মারা যান এবং পরে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায় তাদের ছেলে। স্বামী ও ছেলেকে হারানোর পর দক্ষিণী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং বিষণ্নতায় ভুগছিলেন।
পুলিশের প্রাথমিক ধারণা, দক্ষিণীর মৃত্যু ঘটেছে প্রায় এক বছর আগে। এরপর তার মরদেহ বাড়ির ভেতরেই পড়ে ছিল। দীর্ঘ এই সময়ে তার মেয়ে ও জামাইও বাড়িটিতে আসেননি বলে জানা গেছে।
পুলিশের তদন্তে জানা গেছে, খবর পেয়ে বাগালাগুন্টে থানার পুলিশ বাড়িটিতে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ এবং এত দীর্ঘ সময় বিষয়টি কেন কারও নজরে আসেনি, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।