নীলফামারীর সৈয়দপুরে সকালে হাসপাতালে সন্তান প্রসব করে দুপুরে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আন্নাবিউল উম্মি নামে এক পরীক্ষার্থী। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসে সমাজবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেন তিনি।
আন্নাবিউল উম্মি সৈয়দপুর শহরের গোলাহাট এলাকার আজাহার আলীর মেয়ে এবং কয়া গোলাহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সমাজবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সকালের দিকে প্রসব ব্যথা শুরু হলে উম্মির স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি একটি সুস্থ সন্তানের জন্ম দেন। পরে দুপুরের দিকে তিনি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে শারীরিক অসুস্থতা নিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করেন। কেন্দ্র সচিব নবজাতক সন্তানকে উপহার সামগ্রী দেন।
আন্নাবিউল উম্মি বলেন, ‘অনেক কষ্ট হচ্ছিল, তবু পরীক্ষা মিস করতে চাইনি। এক বছরের পরিশ্রম যেন নষ্ট না হয়, তাই এ অবস্থায়ই পরীক্ষা দিতে এসেছি।’
সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শাহীদ শাহাব বলেন, পরীক্ষার্থীর পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার পর তাকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরীক্ষা শেষে নবজাতক শিশুর জন্য শুভেচ্ছাস্বরূপ উপহার দেওয়া হয়।