সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দেওয়া, গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি ও হত্যারচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান জোনাল টিমের ইন্সপেক্টর আনোয়ার হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের পক্ষে জোর দাবি জানান।
আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন জানায়। আদালত শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জগলুল পাশাকে ৪ আগস্ট রাতে বসুন্ধরার বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ ১১১ আসামি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে অবস্থান নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিরা রাস্তার উপর ত্রাস সৃষ্টি করে এবং খালেদা জিয়াকে সমাবেশে যোগদান করতে বাধা দেয়। এ ঘটনায় ২০২৪ সালের অক্টোবর মাসে গুলশান থানায় মামলা দায়ের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন।