ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান (৪৮) মারা গেছেন।
জানা গেছে, গতকাল বুধবার বিকাল ৩টা ২৫ মিনিটে ঢামেক হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারা কর্তৃপক্ষ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৯ জুন কারাগারে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে (স্ট্রোক) আক্রান্ত হন। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত মিজানুর রহমানের ভাগনে সিরাজ মুন্সী জানান, তিনি একটি মামলায় আটক হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি ছিলেন। ৩০ জুলাই ২০২৬ সালে আদালত থেকে জামিনে মুক্তি পান, তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল।
এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’