সিলেটে দৈনিক কালবেলার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ভুয়া ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কালবেলার সিলেট ব্যুরো প্রধান মিঠু দাস জয়ের সুনাম ক্ষুণ্ণের চেষ্টা করছে বলে জানা গেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মিঠু দাস জয় সিলেটের কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে এই জিডিটি করা হয়। অভিযোগ রয়েছে, প্রতারক চক্রটি আগে থেকেই কালবেলার বিভিন্ন রিপোর্টারের নাম ব্যবহার করে লোকজনের কাছ থেকে টাকা আদায় করেছে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার দৈনিক কালবেলায় প্রকাশিত "ওসি মনিরের খেয়াল খুশির রাজত্ব" শিরোনামের প্রতিবেদনের পর থেকে চাঁদাবাজরা সক্রিয় হয়ে ওঠে। পরদিন একটি ভিডিও তৈরি করে '২০ হাজার টাকা খেয়ে ওসি মনিরের বিরুদ্ধে নিউজ করলেন মিঠু দাস জয়' শিরোনামে স্ক্রিনশট ভাইরাল করা হয়।
মিঠু দাস জয় জানান, মাসুম আহমদ চৌধুরী নামে এক ব্যক্তি ফোন করে দাবি করেন, সাইফুল নামে কেউ কালবেলার কথা বলে টাকা নিয়েছে। তিনি জানান, সাইফুল নামে কাউকে চেনেন না। এরপর মাসুম আহমদ চৌধুরী অনুমতি ছাড়া তার ফোন কল রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।
এদিকে, পুলিশ কনস্টেবল সুশান্ত বৈষ্ণবও থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিনি জানান, অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে পরিচয় নিশ্চিত করে একজনকে দৈনিক কালবেলার প্রতিনিধি হিসেবে দাবি করতে শুনেছেন। ওই ব্যক্তি জরুরি রিপোর্টিংয়ের কাজে টাকা দাবি করেন, যা সন্দেহজনক মনে হওয়ায় তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান।