July 11, 2026, 6:06 pm

বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা জারি

বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা জারি

দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর সাত দফা জরুরি নির্দেশনা জারি করেছে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিম গঠন, জরুরি ওষুধ ও স্যালাইনের পর্যাপ্ত মজুত এবং গর্ভবতী নারী ও শিশুদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিবসহ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্দেশনাগুলোর মধ্যে বন্যাকবলিত সব উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ফোকাল পারসন নিয়োগের কথা বলা হয়েছে। তাঁরা স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখবেন।

এছাড়া, বন্যাদুর্গত মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম গঠন করতে হবে। সাপের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত অ্যান্টি-স্নেক ভেনম সংরক্ষণ এবং গর্ভবতী নারীদের হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর এসব নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিভিল সার্জন এবং বিভাগীয় পরিচালকদের (স্বাস্থ্য) ওপর অর্পণ করেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা