July 7, 2026, 9:56 am

দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর-এর প্রশিক্ষণ এলাকায় তিনি আকস্মিকভাবে উপস্থিত হন।

প্রধানমন্ত্রী মহড়া চলাকালে ফার্ম বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং ও ইউনিটের কমান্ডিং অফিসারের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি সেনাসদস্যদের পরিচালিত একটি রেইড মহড়া প্রত্যক্ষ করেন এবং যুদ্ধক্ষেত্রে রণকৌশল ও সমরাস্ত্রের ব্যবহার পরিদর্শন করেন।

এছাড়া, প্রধানমন্ত্রী সেনা বাঙ্কারে গিয়ে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। তিনি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের খোঁজখবর নিয়ে দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন।

মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি সেনাসদস্যদের উদ্দেশে বক্তব্যে বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে।

প্রধানমন্ত্রী জাতীয় সংকট ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং পেশাদার প্রশিক্ষণ ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সেনানিবাসে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করায় সন্তোষ প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা