October 23, 2026, 4:29 pm

বকশীগঞ্জে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আরও ১৩টি সোলার প্যানেল স্থাপন

নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে আরও ১৩টি সোলার প্যানেল স্থাপন করেছে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট। শুক্রবার (২৩ অক্টোবর) ট্রাস্টের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যদের উপস্থিতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব সোলার প্যানেল স্থাপন করা হয়।

স্থানীয় মানুষের চলাচল সহজ করা এবং গুরুত্বপূর্ণ স্থানে আলোর ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ‘সবুজের পথে, আলোর সাথে, মানুষের কল্যাণে, সমাজের উন্নয়নে’ স্লোগানকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নে কাজ করছে সংগঠনটি।

ট্রাস্ট সূত্রে জানা যায়, নতুন স্থাপিত সোলার প্যানেলগুলোর মধ্যে রয়েছে দাড়িপুরা মোড়, সাজিমারা, পাগলাপাড়া সামাজিক কবরস্থান, সলইমুন্ডল পাড়া মোড়, মহরবন তিন রাস্তার মোড়ের শ্রীবর্দী রোড ও চকিদার বাড়ি অংশ, নিলক্ষিয়া বাজারের মজিদ সরকারের বাড়ির মোড় ও হাইস্কুল রোড, শাহ আলীর বাড়ির মোড়, বিনোদেরচর বাজার, বিনোদের তিন রাস্তার মোড়ের ঝালোপাড়া ও গুমের চরমুখী সড়ক, বাদল মেম্বারের বাড়ির মোড় এবং নিলক্ষিয়া কেন্দ্রীয় জামে মসজিদ।

এ নিয়ে এলাকায় সোলারভিত্তিক আলোর ব্যবস্থা সম্প্রসারণে কাজ করছে ট্রাস্টটি। এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আরও ৯টি সোলার লাইট স্থাপন করা হয়।

আলোকায়নের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও কাজ করছে সংগঠনটি। বিভিন্ন এলাকায় প্রায় ৬০০টি কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর রোপণ করা হয় আরও ২০টি বকুল ফুলের চারা।

শুধু পরিবেশ সংরক্ষণ নয়, শিক্ষা, ক্রীড়া ও মানবিক সহায়তামূলক কার্যক্রমেও যুক্ত রয়েছে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট। সংগঠনটির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি কৃতী শিক্ষকদের সম্মাননা জানানো হয়েছে।

এ ছাড়া নিলক্ষিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডে খেলাধুলার প্রসারে ২৫টি ফুটবল বিতরণ করা হয়েছে। অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা দিয়েছে সংগঠনটি।

ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকট ও সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে সদস্যরা এসব কার্যক্রম পরিচালনা করছেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, শিক্ষার প্রসার, খেলাধুলার উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে নিলক্ষিয়া ইউনিয়নের সার্বিক সামাজিক উন্নয়নে ভূমিকা রাখাই সংগঠনটির লক্ষ্য।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে এলাকায় জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা