October 23, 2026, 7:24 am

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ হ্নীলার ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আব্দুল্লাহ (২৭) এবং চকরিয়ার মাতামুহুরি রামপুর এলাকার মো. দুলালের ছেলে মুহাম্মদ ইয়াছিন (২৫)।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপটি নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী শ্যামলী এনআর পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের দুই আরোহী গুরুতর আহত হন।

খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, নিহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা