October 23, 2026, 6:32 pm

কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

প্রতিনিধি:

রাজধানীর কারওয়ান বাজারের মাছের আড়ত থেকে চাঁদা তোলার অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আদাবর এলাকায় চাঁদাবাজি, জোর করে নির্মাণকাজের নিয়ন্ত্রণ নেওয়া ও বাড়ি দখলের চেষ্টাসহ বিভিন্ন অভিযোগ সামনে এসেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ডিবি পুলিশ নয়ন হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি জানায়। এরপর আদাবরের মনসুরাবাদ হাউজিং এলাকায় খোঁজ নিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তাঁর ও অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া যায়।

স্থানীয়দের অভিযোগ, মনসুরাবাদ হাউজিংয়ের ৬ নম্বর সড়কে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় সড়ক সংস্কারের কাজ চলার সময় আশপাশের ৫০ থেকে ৬০টি ভবনের পানি ও পয়োনিষ্কাশন লাইনের কাজ নিজেদের লোক দিয়ে করাতে চাপ দেওয়া হয়। কাজ শেষে বাড়িপ্রতি ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত বিল দাবি ও আদায়ের অভিযোগও রয়েছে।

সড়কটির ৬৯ ও ৭০ নম্বর বাড়ির নালার কাজের জন্য ৫৫ হাজার টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট বাড়ির মালিক। তাঁর দাবি, পছন্দের মিস্ত্রি দিয়ে কাজ করাতে চাইলে চার-পাঁচজন ব্যক্তি নিজেদের ছাত্রদল নেতা নয়নের লোক পরিচয় দিয়ে চাপ সৃষ্টি করেন। অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।

একই সড়কের আরেকটি ভবনের নিরাপত্তাকর্মীর অভিযোগ, যে কাজ ১০ হাজার টাকায় করা সম্ভব ছিল, সেই কাজের জন্য তিন ধাপে জোর করে ২৩ হাজার ৫০০ টাকা আদায় করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেন ও সদস্যসচিব মনিরুজ্জামান মজুমদার জসিমের নেতৃত্বে এমব্রয়ডারি কারখানা, ফুটপাতের দোকান এবং নির্মাণাধীন ভবন থেকে নিয়মিত চাঁদা তোলা হতো।

এ ছাড়া ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বাবুলের একটি বাড়ি দখলের চেষ্টার অভিযোগ ওঠে নয়ন ও জসিমের অনুসারীদের বিরুদ্ধে। দখলে ব্যর্থ হয়ে তাঁরা বাড়িটিতে ভাঙচুর চালান বলে অভিযোগ রয়েছে। সিসিটিভি ফুটেজে হামলার সময় স্থানীয় ছাত্রদলের একাধিক নেতাকে ঘটনাস্থলে দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে চাঁদাবাজি ও দখলের অভিযোগ অস্বীকার করেছেন মনিরুজ্জামান জসিম। তাঁর দাবি, বিষয়টি মীমাংসা করতে তিনি সেখানে গিয়েছিলেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

এর আগে গত মাসে মিরপুরের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আওতাধীন আদাবর থানা কমিটি বিলুপ্ত করা হয়। বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আকরাম আহমেদ দাবি করেন, নয়নকে আদাবরের কথা বলে আটক করা হলেও পরে কারওয়ান বাজারের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর মতে, এটি একটি চক্রান্ত।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও সন্দেহের ভিত্তিতে নয়ন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আদাবরে তাঁর বিরুদ্ধে ওঠা অন্যান্য চাঁদাবাজির অভিযোগও যাচাই করা হচ্ছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা