জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জামায়াতের ৯৩ পৃষ্ঠার নির্বাচনি ইশতেহারে ইসলামী রাষ্ট্র, শরিয়াহ আইন কিংবা ইসলামী অর্থনীতির প্রতিষ্ঠার কোনও অঙ্গীকার নেই। রবিবার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।
সালাউদ্দিন আহমেদ জামায়াতকে একটি ‘আন্তর্জাতিক সংগঠনের শাখা’ উল্লেখ করে বলেন, তাদের রাজনৈতিক কর্মসূচিতে ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নেই। তিনি শিক্ষা খাতের প্রসঙ্গ টেনে বলেন, ইশতেহারে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের কথা বলা হলেও দেশের অধিকাংশ শিক্ষার্থী সাধারণ শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে।
জামায়াতের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৪১ সালে প্রতিষ্ঠিত জামায়াত ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পক্ষেও ছিল না এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। তিনি বলেন, স্বাধীনতার পর ১৯৭৯ সালে ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ পেয়ে দলটি পুনর্গঠিত হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সমালোচনা প্রত্যাখ্যান করে তিনি দাবি করেন, দেশে পরিস্থিতির অবনতি হয়নি, বরং উন্নতি হয়েছে। সাম্প্রতিক হত্যাকাণ্ড ও নিখোঁজের ঘটনার দ্রুত সমাধানের কথা উল্লেখ করে তিনি জানান, সরকার অপরাধ কমানোর জন্য কাজ করছে।
অর্থনীতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৯ লাখ ৩৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট দেশের অর্থনীতিকে স্বনির্ভর করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের শেয়ার বিক্রি নিয়ে বিতর্কের সত্যতা অডিট প্রতিবেদনে মিলেছে।