নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অনিক (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত নয়জন।
মঙ্গলবার (১৬ জুন) ভোরে উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁ এলাকায় স্থানীয় নাজিম উদ্দিন ও আলাল মুন্সি গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত অনিক দড়িগাঁ এলাকার ওসমান মেম্বারের ছেলে এবং নাজিম উদ্দিন গ্রুপের লোক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই নাজিম উদ্দিন ও আলাল মুন্সির গ্রুপের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জেরে মঙ্গলবার ভোর থেকেই আগ্নেয়াস্ত্র এবং দেশি অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।
এসময় বেশ কয়েকজনকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট পরে আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে অংশ নিতে দেখা গেছে।
সংঘর্ষের সময় আহত হন অনিক, রাজু, সুমন, কাশেম ও মোবারকসহ অন্তত ১০ জন।
আহতদের মধ্যে রাজু, মোবারক ও গুলিবিদ্ধ অনিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসাপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনিক মারা যান।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ, র্যাব, উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।