November 23, 2026, 3:02 pm

দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে পাঠানো হবে শেখ হাসিনাকে: শামা ওবায়েদ

ভারত থেকে বাংলাদেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা এবং বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনার মধ্যে এ বক্তব্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

রয়টার্সকে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করামাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। এরপর তাকে কারাগারে নেওয়া হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে।

তিনি জানান, ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ঢাকা চেষ্টা চালাচ্ছে। দুই দেশের বিদ্যমান বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী, একজন দণ্ডিত আসামি হিসেবে ভারত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলে আশা করছে সরকার। ২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে গত এপ্রিলে মন্ত্রণালয়টি জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরে বাংলাদেশের একটি আদালত তাকে মৃত্যুদণ্ডের রায় দেন। একই সময়ে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই গণ-অভ্যুত্থান চলাকালে সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।

এদিকে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন শেখ হাসিনা। তবে সরকার তার আবেদন প্রত্যাখ্যান করেছে।

শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে চলতি মাসে সপ্তাহব্যাপী বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগের সমর্থকেরা। এর শেষ কর্মসূচি ছিল ১৯ নভেম্বরের দেশব্যাপী লকডাউন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে অন্তত ২৮টি জেলায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও সাধারণ নাগরিক আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এসব সহিংসতাকে শেখ হাসিনার দলের টিকে থাকার কৌশল হিসেবে উল্লেখ করেছেন শামা ওবায়েদ। তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী এসব ঘটনার জন্য বর্তমান সরকারকে দায়ী করেছেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত থেকে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে নয়াদিল্লির সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ এমন সম্পর্ক গড়তে চায়, যেখানে দেশের মর্যাদা, আত্মসম্মান ও জাতীয় স্বার্থের সঙ্গে কোনো আপস করা হবে না।

সাক্ষাৎকারে রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। তিনি বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ২০১৭ সালের অভিযানের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাংলাদেশ ও রোহিঙ্গা জনগোষ্ঠীকে ন্যায়বিচারের জন্য লড়াই করার শক্তি জোগাচ্ছে। তার মতে, রোহিঙ্গা সংকটের সৃষ্টি করেছে মিয়ানমার, তাই এর সমাধানের দায়িত্বও দেশটির।

প্রতিবেদনে বলা হয়, রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ায় বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন আরও জটিল হয়ে পড়েছে।

এ ছাড়া স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ প্রসঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। এ উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে বাংলাদেশ আরও ভালো প্রস্তুতি নেবে বলে ইউরোপীয় ইউনিয়ন আশা করছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা