August 2, 2026, 12:18 pm

নরসিংদীতে গুলিতে নিহত ১, আহত ৩

নরসিংদীতে গুলিতে নিহত ১, আহত ৩

নরসিংদীর রায়পুরায় পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে মোমেন মিয়া নামের একজনকে মাথায় ও পায়ে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোমেন মিয়া (৫৫) ওই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। আহতরা হলেন মোবারক (৬৫), নাজমুল হোসেন (৩০) ও রুহুল আমিন (৩৭)। আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয় সংসদ সদস্য দুই পক্ষের বিরোধ মিমাংসা করেছিলেন, কিন্তু আবারও তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার সকালে ফরিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোমেনের বাড়িতে ঢুকে হামলা চালায়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিনিতা জানান, মোমেন মিয়াকে হাসপাতালে আনা হলে তার শরীরের পালস ও প্রেসার পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান বলেন, চাঁনপুরে সওদাগরকান্দি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোমেন মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা