২০২৭ সালের জুনে অনুষ্ঠিতব্য গ্লোবাল গেটওয়ে ফোরামের তৃতীয় আসরে যোগদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন। সোমবার (৬ জুলাই) ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রীর ফোরামে অংশগ্রহণের পাশাপাশি মূল বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, প্রধানমন্ত্রীর এ অংশগ্রহণ ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে উদ্যোগের আওতায় নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে পারে।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের একটি অভিনন্দনপত্রও পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। চিঠিতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানানো হয়েছে।
দুই পক্ষ বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করে এবং ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করে। বাংলাদেশ-ইইউ বিজনেস ফোরাম ২০২৭, মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।