June 24, 2026, 4:19 pm

চাকরির প্রলোভনে ডেকে অস্ত্র লুট, চার ডাকাত গ্রেপ্তার; উদ্ধার শটগান ও কার্তুজ

গাজী সোহেল :

চাকরির প্রলোভন দেখিয়ে চার ব্যক্তিকে অপহরণ করে তাদের লাইসেন্স করা শটগান, কার্তুজ ও অন্যান্য মালামাল লুটের ঘটনায় জড়িত একটি ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা-পুলিশ। এ সময় লুট হওয়া দুটি শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অনলাইনে চীনা প্রতিষ্ঠানে গানম্যান হিসেবে চাকরির বিজ্ঞাপন দেখে চার ব্যক্তি আবেদন করেন। পরে বিভিন্ন সময়ে তাদের চাকরিতে যোগদানের কথা বলে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। অভিযুক্তরা তাদের চোখ-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে রূপগঞ্জের আলমপুরা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চারটি লাইসেন্সধারী ১২ বোর শটগান, ২৯ রাউন্ড কার্তুজ, চারটি মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নেয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় তিনটি ডাকাতি মামলা এবং ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি দস্যুতা মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ডাকাত চক্রের সদস্যদের শনাক্ত করে পুলিশ। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় গঠিত বিশেষ অভিযানে বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত ঢাকার ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেপ্তার করা হয় নাসিম উদ্দিন মোল্লা (৩০), রমজান আলী (৩১), সিরাজুল ইসলাম (৩২) ও ইব্রাহিম শেখকে (৩১)।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে লুট হওয়া দুটি ১২ বোর শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ, একটি এয়ারগান, একটি ওয়াকিটকি, চারটি মোবাইল ফোন, অস্ত্রের জাল লাইসেন্স তৈরির সিলমোহর এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

রূপগঞ্জ থানার কর্মকর্তারা জানান, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং বাকি লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা