June 22, 2026, 7:55 pm

মুন্সিগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যাচেষ্টার মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

গাজী সোহেল :

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামি মো. লোকমান হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব। চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকা থেকে যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ ।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গত ২৫ মে দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং পুরাতন বাজার জামে মসজিদসংলগ্ন একটি কক্ষে ভুক্তভোগীকে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত লোকমান হোসেন। পরে গত ১১ জুন বেলা ১১টার দিকে পশ্চিম সোনারং এলাকার একটি ধানক্ষেতের পাশে তাঁকে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা করা হয়।

অভিযোগে বলা হয়, অভিযুক্ত ভুক্তভোগীকে মাটিতে শুইয়ে শারীরিকভাবে চেপে ধরেন। এ সময় ভুক্তভোগী আত্মরক্ষার চেষ্টা করলে তাঁর সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে বাম হাতে আঘাত করে গুরুতর জখম করা হয়। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।

মামলার পর র‍্যাব-১১-এর সিপিসি-১, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-৭, চট্টগ্রামের যৌথ দল গোয়েন্দা নজরদারি চালিয়ে চট্টগ্রামের পতেঙ্গা থানার উত্তর পতেঙ্গা এলাকার স্টিল মিল হাউজিং কলোনি জামে মসজিদসংলগ্ন খেলার মাঠ থেকে লোকমান হোসেনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা