June 16, 2026, 12:57 pm

মুক্তিপণের দাবিতে অপহরণ, র‌্যাবের অভিযানে উদ্ধার ২ বছরের শিশু

গাজী সোহেল :

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত ২ বছরের এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-১১। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব-১১ জানায়, ফতুল্লা থানার লামাপাড়া এলাকায় ভুক্তভোগী পরিবারের পাশের বাসায় ভাড়া থাকতেন গ্রেফতারকৃত সুজন মিয়া (৩১) ও মাজেদা (২৯)। প্রতিবেশী হওয়ায় তারা প্রায়ই শিশুটিকে আদর-যত্ন করতেন এবং পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন।
অভিযোগ অনুযায়ী, গত ১২ জুন সকাল ১১টার দিকে আদর করার কথা বলে শিশুটিকে কোলে নিয়ে বাসা থেকে বের হয়ে যান তারা। পরে শিশুটিকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে পরিবারের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়।
ঘটনার পর শিশুর পরিবার র‌্যাব-১১-এর শরণাপন্ন হলে গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে র‌্যাবের একটি দল ১৪ জুন সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে অপহরণকারী সুজন মিয়া ও মাজেদাকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে অপহৃত শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা