রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মো. রবিউল আলম বুদুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
৬২ বছর বয়সী রবিউল আলম বুদু রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং আইন সহায়ক কমিটির বর্তমান সদস্য। এ মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ও ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব উল আলম।
আদালতে আসামিপক্ষে আইনজীবী গোলাম রাব্বানী, তপু নাসরিনসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সোমবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে স্থানীয় জনতার সহায়তায় ধানমন্ডির নিজ বাসা থেকে রবিউল আলম বুদুকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাত ২টা ২০ মিনিটের দিকে ধানমন্ডি মডেল থানার ৭/এ নম্বর সড়কে কেএফসি রেস্টুরেন্টের সামনে ১৫ থেকে ২০ জন অজ্ঞাত ব্যক্তি বিস্ফোরক দ্রব্যসহ অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে ঘটনাস্থল থেকে লাল কসটেপে মোড়ানো জর্দার কৌটার দুটি টুকরা ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গত ২৩ নভেম্বর ধানমন্ডি মডেল থানায় ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনের ৩, ৪ ও ৬ ধারায় মামলা করা হয়। ওই মামলায় রবিউল আলম বুদুকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, মামলার প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে রবিউল আলম বুদুসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের উপস্থিতির সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদেও তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রকাশ করেছেন বলে আবেদনে দাবি করা হয়।
এ ছাড়া জামিনে মুক্তি পেলে তিনি পলাতক হতে পারেন এবং পুনরায় একই ধরনের অপরাধে জড়াতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তদন্ত কর্মকর্তা। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন জানানো হয়।