September 29, 2026, 4:02 pm

রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০। ছবি : সংগৃহীত

রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলা, নিহত ৫০

মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন। হতাহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইরাবতী-এর বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাখাইনের কিয়াউকতাও টাউনশিপে একটি সেতু ও জনবহুল বাজারে বিমান হামলা চালায় মিয়ানমারের সামরিক বাহিনী। এলাকাটি বর্তমানে একটি বিরোধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

হামলায় কিসসাপনাদি বা কালাদান সেতু এবং ‘ইন্ডিয়ান মার্কেট’ নামে পরিচিত একটি ব্যস্ত বাজারে বোমা ফেলা হয়। হামলার সময় বাজারটিতে পথচারী, ক্রেতা ও শ্রমিকদের ভিড় ছিল। ফলে হতাহতদের মধ্যে সাধারণ মানুষও রয়েছেন।

কালাদান নদীর তীরে অবস্থিত উপকূলীয় শহর কিয়াউকতাওয়ে চালানো এ হামলাকে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। গত এপ্রিলে মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি দেশটির সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর মিয়ানমারের গৃহযুদ্ধ আরও তীব্র হয়। দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করছে জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও অন্যান্য বিরোধী সংগঠন।

রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গারাও দীর্ঘদিন ধরে সামরিক অভিযান ও সহিংসতার শিকার হয়ে আসছেন। নির্যাতন ও দমন-পীড়ন থেকে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা