ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কাঠুয়া জেলায় সহকর্মীদের ওপর গুলি চালিয়েছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক সদস্য। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাসোহলি এলাকার মাশকা গ্রামে এ ঘটনা ঘটে।
সিআইএসএফ সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, মাশকা গ্রামে সেবা বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তায় মোতায়েন সদস্যদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হেড কনস্টেবল অবধেশ কুমার সিং অফিসকক্ষে ঢুকে নিজের একে-৪৭ রাইফেল দিয়ে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। তার কাছে প্রায় ১৫০ রাউন্ড গুলি ছিল বলে জানা গেছে।
গুলিতে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পান্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং, কনস্টেবল রফিক আহমেদ ও কনস্টেবল সন্দীপ কুমার আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের হিমাচল প্রদেশের এনএইচপিসি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চারজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন। পরে অস্ত্রসহ অবধেশ কুমার সিংকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার কারণ জানতে কর্তৃপক্ষ উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।
সূত্র: এনডিটিভি