ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে প্রকাশিত একটি খবরকে ‘ফেক নিউজ’ বলে প্রত্যাখ্যান করেছে তার দপ্তর। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাই ছিল সফরের মূল উদ্দেশ্য।
সম্প্রতি প্রকাশিত ওই খবরে দাবি করা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ইসরায়েলকে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এ তথ্য অস্বীকার করার জন্যই নাকি নেতানিয়াহু আমিরাত সফরে গিয়ে প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন।
তবে নেতানিয়াহুর দপ্তর এ দাবি সম্পূর্ণ নাকচ করে জানিয়েছে, সফরের সময় এ ধরনের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।
এ বিষয়ে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে তাদের যোগাযোগ সবসময়ই খোলা রয়েছে এবং দুই দেশের মধ্যে নিয়মিত গোয়েন্দা তথ্য আদান-প্রদান হয়ে থাকে।
সূত্র: মিডলইস্ট মনিটর