September 29, 2026, 4:02 pm

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সব পক্ষের মতামত নিয়ে ‘ইনক্লুসিভ’ সংবিধান সংশোধনের উদ্যোগ

সংবিধান সংশোধনে সব পক্ষের মতামত নিয়ে অংশগ্রহণমূলক ও ‘ইনক্লুসিভ’ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন নিয়ে আলোচনার সুযোগ সবার জন্য উন্মুক্ত। সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও পক্ষগুলোকে বিশেষ কমিটিতে যুক্ত হয়ে মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সবার সঙ্গে আলোচনা করেই অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য সংশোধনী প্রণয়নের চেষ্টা করা হবে।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত বিভিন্ন সামাজিক শক্তি, সংগঠন ও ব্যক্তিত্বের পাশাপাশি গত ১৭ বছরে গুম, খুন ও নিপীড়নের শিকার ব্যক্তিদের পরিবার এবং জীবিত ভুক্তভোগীদের প্রতিনিধিদের মতামত নেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সঙ্গেও আলোচনা করা হবে।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তাদের প্রতিনিধিদের কাছ থেকেও মতামত নেওয়া হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ। পরে সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এসব মতামতের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে জাতীয় সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন করা হবে। সংসদে বিল উত্থাপনের পরও আলোচনা ও মতামত গ্রহণের সুযোগ থাকবে বলে জানান তিনি।

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়েও আলোচনা

বৈঠকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ একটি একক রাষ্ট্র এবং সংবিধানে দেশকে ‘ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট সুভারেন রিপাবলিক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। দেশে অঙ্গরাজ্যভিত্তিক ব্যবস্থা না থাকায় দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনার একটি প্রস্তাব এসেছে।

তবে জুলাই জাতীয় সনদে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার বিষয়ে ঐকমত্য হওয়ায় সেই সিদ্ধান্তের ভিত্তিতেই এগিয়ে যাওয়ার কথা জানান তিনি।

এ ছাড়া বৈঠকে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও স্বাধীনতা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়েও আলোচনা হয়। তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, এর প্রক্রিয়া ও কাঠামো কী হবে, সে বিষয়ে বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিদের মতামত রেকর্ড করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আরও উন্মুক্ত আলোচনা ও প্রস্তাব প্রয়োজন। যেটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে, সংসদ সেটি বিবেচনা করবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা