জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নেতাকর্মীদের সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জবি ছাত্রদল আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
উপাচার্য বলেন, ‘ছাত্রদলের কর্মীদের রিকোয়েস্ট করবো, একটা মানুষকে শুধু ফলো করো। যিনি মঞ্চে বসে আছেন, রাকিবুল ইসলাম রাকিব।’
রাকিবুল ইসলাম রাকিবের কর্মকাণ্ডের প্রশংসা করে ড. রইছ উদ্দীন বলেন, ‘আমি যতটুকু দেখছি, সকাল নেই, দুপুর নেই, রাত নেই, সে কাজ করছে। এমন কাজপাগল মানুষ আমি আমার জীবনে খুব কম দেখেছি। কোনো প্রটোকল মেইনটেইন করে না, কোনো বাইন্ডিংস মেইনটেইন করে না, আবেগ মেইনটেইন করে না, দলের জন্য পাগল। তো ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মীর রাকিবকে অনুসরণ করা উচিত।’
এ সময় নবীন শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।