September 17, 2026, 8:42 am

জবি ছাত্রদলের কনসার্টে স্টেজে বসা নিয়ে সংঘর্ষ, আহত ৩। ছবি: সংগৃহীত

জবিতে ছাত্রদলের কনসার্টে স্টেজে বসা নিয়ে সংঘর্ষ, আহত ৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের কনসার্ট চলাকালে স্টেজে বসাকে কেন্দ্র করে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের মাথায় আঘাত রয়েছে। তাদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্ট চলার সময় স্টেজে বসাকে কেন্দ্র করে জবি শাখা ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের অনুসারীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও সংঘর্ষে রূপ নেয়। পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহতরা হলেন গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিল আহমেদ মিথিল, কেমিস্ট্রি বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী শাওন ও মনির। সংঘর্ষের পর তিনজনই চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামাল হোসেন জানান, তিনজন চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে দুজনের মাথায় আঘাত রয়েছে। একজনকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

তবে সংঘর্ষের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, স্টেজে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মীদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। পরে কাঁঠালতলা এলাকায় তা সংঘর্ষে রূপ নেয়।

এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তবে যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার বলেন, ‘সিনিয়র-জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা মিটমাট করে ফেলেছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। প্রথম শুনলাম। বিষয়টি জেনে ব্যবস্থা নেব।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা