নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার ১ আসামি, বৈষম্যবিরোধী মামলার ২ আসামি, মাদকসেবী ৮ জন, শিশু ধর্ষণ মামলার ২ আসামি, ডাকাতি মামলার ৩ আসামি এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩ জনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ৮ জন হলেন—মোঃ রিয়াজ (১৯), শ্রী রাম বাবু (২৬), মোঃ নাজমুল ভূইয়া (৩০), মোঃ মামুন ওরফে রশিদ (২৬), রাজা শিকদার (৩৬), মোঃ হালিম (৩৫), মোঃ আরিফ হোসেন (২৬) ও মোঃ সুজন খন্দকার।
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার একজন হলেন মাসুদ (৩০)। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী ছাত্রলীগের বৈদ্যেরবাজার ইউনিয়নের সক্রিয় সদস্য। তিনি সোনারগাঁ উপজেলার মামরকপুর গ্রামের মৃত দাইয়ানের ছেলে।
ডাকাতি মামলায় গ্রেপ্তার তিনজন হলেন—স্বপন (৩০), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ ফৈতলা গ্রামের মস্তু মিয়ার ছেলে; মোঃ জামান মিয়া (২২), কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সিমহান নেহারদিয়া গ্রামের আবু বক্করের ছেলে; এবং সাজ্জাদুর রহমান অনিক (৩৩), সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের পাঁচপীর দরগা গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে।
শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তার দুজন হলেন—মোঃ ইলিয়াস (৩৮), সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ষোলপাড়া গ্রামের মৃত আব্দুর মান্নানের ছেলে; এবং মোঃ নুরুল হক (৪২), নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার হীরাপুর গ্রামের মৃত মোর্শেদ আলমের ছেলে।
বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন—হাবিবুর রহমান হবি (৬০), নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের সাদিপুর ইউনিয়নের সাবেক সদস্য এবং সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর, কাঠালিয়াপাড়া এলাকার মৃত আঃ মালেকের ছেলে; অপরজন গাজী কামাল (৪৭), নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সোনারগাঁ পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক এবং সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শ্যামকুমার (শ্রীরামপুর) এলাকার ছলিমুদ্দিনের ছেলে।
এ ছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন হলেন—মোঃ শাহিন খান, মোর্শেদা ও কারিমন বেগম (৫৪)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ইমরান হাসান, সিনিয়র ক্রাইম রিপোর্টার: