জামালপুরের বকশীগঞ্জে শেখ ফরিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিলে থানার ওসিকে প্রত্যাহারের দাবি করেছেন বক্তারা। বক্তাদের দাবি, ওসির আশীর্বাদে শেখ ফরিদ সন্ত্রাসী কায়দায় নানা অপকর্ম করে আসছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্রদল, গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি সা আদ আহমেদ রাজু, জাতীয়তাবাদী ছাত্রদলের কিয়ামত উল্লাহ কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আদেল আব্দুল্লাহ ও স্বর্ণ ব্যবসায়ী উৎপল মহন্ত।
বক্তারা বলেন, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেনের আশীর্বাদে শেখ ফরিদ জমি জবরদখল, মাদক ব্যবসা ও জুয়ার জমজমাট ব্যবসা করে চলেছে। শেখ ফরিদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা বলেন, শেখ ফরিদের নাটের গুরু বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন। তারা ওসি মকবুলকে বকশীগঞ্জ থানা থেকে প্রত্যাহারের দাবি ও শেখ ফরিদকে গ্রেপ্তারের দাবি জানান। সমাবেশে বক্তারা শেখ ফরিদকে চিহ্নিত সন্ত্রাসী আখ্যায়িত করে তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। মানববন্ধন ও সমাবেশে উপস্থিত লোকজন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেনের বিরুদ্ধে নানা স্লোগান দেন। বকশীগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলার উন্নয়নে ওসি মকবুল হোসেনকে বকশীগঞ্জ থানা থেকে প্রত্যাহারের দাবি করেন।
উল্লেখ্য, মাদক ও জুয়ার পাশাপাশি শেখ ফরিদ ফায়ার সার্ভিসে কর্মরত একজন ফায়ারম্যানের ক্রয়কৃত জমি জবরদখল ও স্বর্ণ ব্যবসায়ী উৎপল মহন্তের জুয়েলারি দোকান বন্ধ এবং জবরদখল করে নিয়েছেন।
প্রতিনিধি: