November 10, 2026, 5:53 pm

বাকেরগঞ্জে চিকিৎসককে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভরপাশা ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চিকিৎসক সুরঞ্জিত দাসের ওপর হামলার ঘটনার পর থেকেই ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। তিনি সোহেল রানার বাড়িতে অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এর আগে একই দিন দুপুর ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের নিজ চেম্বারে হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, রোগী দেখার সময় চিকিৎসক সুরঞ্জিত দাসের সঙ্গে অশোভন আচরণ, গালাগাল ও মারধর করেন ইমরান খান এবং তার সঙ্গে থাকা কয়েকজন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনার সময় বহির্বিভাগে রোগী দেখছিলেন চিকিৎসক সুরঞ্জিত দাস। এ সময় ইমরান খানের বাবা বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে তার চেম্বারে যান। সেখানে একজন নারী রোগী থাকায় তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন চিকিৎসক। পরে বিষয়টি ছেলেকে জানালে ইমরান খান তিন থেকে চারজনকে সঙ্গে নিয়ে চেম্বারে প্রবেশ করেন। একপর্যায়ে তারা চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার ও গালাগাল করেন এবং তাকে মারধর করেন।

এ সময় পরিস্থিতি সামাল দিতে চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন সুরঞ্জিত দাস। পরে তিনি বাকেরগঞ্জ থানায় মামলা করেন।

চিকিৎসক সুরঞ্জিত দাস বলেন, রোগীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলায় ইমরান খান তার চেম্বারে ঢুকে সরকারি কাজে বাধা দেন। এ সময় তাকে অশ্লীল ভাষায় গালাগাল ও মারধর করা হয়। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম বলেন, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত চিকিৎসকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান খানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা