নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাদ্রাসাটি পরিদর্শন শেষে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানান জেলা প্রশাসক মো. রায়হান কবির।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নুর খানকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, ফতুল্লা মডেল থানার একজন পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি।
অতিরিক্ত জেলা প্রশাসক আলী নুর খান বলেন, অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণগুলো শনাক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা পাওয়া গেছে।
তিনি আরও জানান, যে কক্ষে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি ইন্টেরিয়র ডিজাইন করা ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ভবনের অন্যান্য তলার শিক্ষার্থীরাও অসুস্থ হয়ে পড়ে। এ ছাড়া তাড়াহুড়া করে নিচে নামতে গিয়ে কয়েকজন আহত হয়।
এর আগে মঙ্গলবার রাত দুইটার দিকে ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। এতে ভবনের লাইব্রেরি ও অফিসকক্ষ পুড়ে যায়।
মাদ্রাসার সহকারী শিক্ষক আজিজুর রহমান জানান, আগুন লাগার সময় শিক্ষার্থীরা ভবনের ভেতরে ঘুমিয়ে ছিলেন। লাইব্রেরিতে আগুন লাগার পর দ্রুত পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে শিক্ষক ও স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।
অসুস্থ ও আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, আগুনের ধোঁয়ায় শিক্ষার্থীদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :