কক্সবাজারের সাতটি স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাতে কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে কক্সবাজার শহরের কলাতলী ও প্রধান সড়কের নিউ মার্কেট এলাকায় একাধিক ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন পথচারীরা।
এরপর রাত ১২টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজের ফটক, লিংক রোড, ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া দরগাহ ফটক, রামু সরকারি কলেজের ফটক এবং ঈদগাঁও উপজেলার মাইজপাড়া স্কুল ফটক এলাকায় আরও কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত। তাদের বেশির ভাগের মুখে মাস্ক ছিল। একাধিক স্থানে বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব বিস্ফোরণ ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। মহাসড়কসহ জেলার বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশি অব্যাহত রয়েছে।
এদিকে একই রাতে টেকনাফের একটি সড়কে টায়ার জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
অন্যদিকে, কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা লাগিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এর একটি ২৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, হেলমেট ও মাস্ক পরা দুই যুবক উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা লাগিয়ে ব্যানার টাঙাচ্ছেন। ব্যানারের নিচে ‘চকরিয়া পৌরসভা ছাত্রলীগ’ লেখা রয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, খবর পাওয়ার পরপরই উপজেলা পরিষদের ফটক থেকে তালা ও ব্যানার অপসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত দুজনকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
এ বিষয়ে বক্তব্য জানতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।