September 17, 2026, 8:42 am

দূতাবাস ও রাষ্ট্রদূত নিয়োগে ইসরায়েল-মরক্কোর সম্মতি

কূটনৈতিক সম্পর্ককে আরও আনুষ্ঠানিক ও পূর্ণাঙ্গ রূপ দিতে দূতাবাস চালু এবং রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল ও মরক্কো।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ইসরায়েলি সরকারের অফিসিয়াল আরবি অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের জাতিসংঘের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের উপস্থিতিতে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে সমঝোতায় পৌঁছান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বোরিতা।

বৈঠকে দুই দেশের কূটনৈতিক মিশনগুলোকে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করার পাশাপাশি রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে সম্মতি জানানো হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিমান চলাচল বাড়ানো, পারস্পরিক বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা ও সমঝোতা হয়েছে।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির আওতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা চার আরব দেশের একটি মরক্কো। ওই চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এর আগে মিশর ও জর্ডানের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি হয়েছিল।

তবে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। তাদের মতে, এসব চুক্তি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং দখলকৃত ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিষয়ে আরব দেশগুলোর দীর্ঘদিনের অবস্থানকে প্রভাবিত করতে পারে।

সূত্র: রয়টার্স

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা