ইরানের সঙ্গে চলমান সংঘাতের পরবর্তী পদক্ষেপ ও যুদ্ধ-পরবর্তী কৌশল নিয়ে আলোচনা করতে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠেয় এ বৈঠকে মূলত সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। ট্রাম্প প্রশাসন বর্তমানে একটি বিস্তৃত ‘পরবর্তী দিনের কৌশল’ প্রণয়নের কাজ করছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষে এই কৌশল চূড়ান্ত করা হতে পারে।
বৈঠকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানের রাষ্ট্রপ্রধান অথবা পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া বৈঠকের পরিসর আরও বাড়িয়ে অন্যান্য আরব ও মুসলিম দেশের নেতাদেরও এতে যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রাথমিকভাবে আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আগ্রহী বলে জানিয়েছে এক্সিওস। তবে এখন পর্যন্ত দুই নেতার বৈঠকের কোনো সময়সূচি চূড়ান্ত হয়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি