ভারতের তেলেঙ্গানা রাজ্যে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত চিত্তারি হরিবাবু (২৬) স্ত্রী হত্যার মামলায় গ্রেপ্তার হয়ে গত জুলাইয়ে জামিনে মুক্তি পেয়েছিলেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাস্তার পাশের একটি খাবারের দোকানের কাছে হরিবাবুর ওপর হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। গাড়িতে করে আসা তিন থেকে চারজনের মধ্যে একজন নেমে ধারালো দা দিয়ে তার মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিজামাবাদের গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে পাঠায়। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, চলতি বছরের ১৭ মার্চ জগতিয়াল জেলায় চার মাসের অন্তঃসত্ত্বা ইউটিউবার গন্ধম বৈষ্ণবীর মরদেহ উদ্ধার করা হয়। অতিরিক্ত যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে বৈষ্ণবীর পরিবারের করা মামলায় হরিবাবুকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জুলাইয়ে তিনি জামিনে মুক্তি পান।
এদিকে হরিবাবুকে হত্যার ঘটনায় বৈষ্ণবীর ভাই সন্তোষের জড়িত থাকার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সেলফি ভিডিওতে সন্তোষকে হত্যার দায় স্বীকার করতে দেখা যায়। সেখানে তিনি দাবি করেন, তার বোনকে হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকেই তিনি হত্যা করেছেন।
ভিডিওতে সন্তোষ আরও দাবি করেন, সরকারি বিচারের জন্য অপেক্ষা করেও কোনো ফল না পাওয়ায় তিনি নিজেই প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। অন্য একটি কাজে যাওয়ার পথে নিজামাবাদে হরিবাবুকে দেখতে পেয়ে তিনি হামলা চালান বলেও জানান। নিজের নিরাপত্তার জন্য তিনি অস্ত্র বহন করছিলেন এবং পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলেও ভিডিওতে উল্লেখ করেন।
সন্তোষ জানান, তার স্ত্রী ও সন্তান রয়েছে। একই সঙ্গে মৃত্যুদণ্ড এড়াতে জনগণের সহযোগিতাও চান তিনি। তবে ভিডিওটির সত্যতা এখনো যাচাই করছে পুলিশ।
গর্ভবতী ইউটিউবার বৈষ্ণবীর মৃত্যুর কয়েক মাস পর তার স্বামীকে প্রকাশ্যে হত্যার ঘটনায় তেলেঙ্গানায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্র: এনডিটিভি