September 18, 2026, 11:52 am

প্রধানমন্ত্রী তারেক রহমান

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান, শুরু হচ্ছে ঢাকা-দিল্লির আলোচনা

চলতি বছরের নভেম্বরে ভারতের সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সম্ভাব্য সফরকে সামনে রেখে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আগে স্থগিত হয়ে যাওয়া বিভিন্ন দ্বিপাক্ষিক আলোচনা আবারও শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস নাউ’। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় গণমাধ্যমটি।

প্রতিবেদন অনুযায়ী, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে কেন্দ্র করে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

সফরটি হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেখানে সীমান্ত নিরাপত্তা, অবৈধ অভিবাসন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ভারতকে ঘিরে অতিরিক্ত আগ্রহ বা ‘মোহ’ থেকে বেরিয়ে এসে পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে ভারসাম্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে চায় ঢাকা।

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়। পরবর্তীতে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবিও জানিয়ে আসছে বাংলাদেশ।

২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের একটি বিশেষ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। এরপর তার হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ জানায় ঢাকা। জবাবে ভারত জানিয়েছে, বাংলাদেশের অনুরোধটি বিদ্যমান আইন ও আইনি প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।

সূত্র: টাইমস নাউ

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা