প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বিতর্কিত মন্তব্যের জেরে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালকের পদ হারিয়েছেন মোহাম্মদ মসিউর রহমান। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
একই সঙ্গে ডিটিসিএর নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান।
গত মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগে ডিটিসিএর নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করা মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তবে প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে গত ১ নভেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান। এ সময় প্রধানমন্ত্রীর দেওয়া ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করেন তিনি।
বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া স্লোগানটিকে হাদিস বললে অনেকে হয়তো মনে করবেন, পরবর্তী পোস্টিংয়ের জন্য তাকে তেল মারছেন। তবে তার মতে, এটি একটি শাশ্বত বাণী।
তিনি আরও বলেন, যাদের মধ্যে দেশপ্রেম নেই, তারা এ স্লোগান অস্বীকার করতে পারেন। হুজুররা এ স্লোগান দিলে এতদিনে তা হাদিস হয়ে যেত বলেও মন্তব্য করেন তিনি।
একপর্যায়ে প্রধানমন্ত্রীর দাড়ি ও টুপি না থাকার প্রসঙ্গও টানেন মসিউর রহমান। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক স্লোগানকে ধর্মীয় হাদিসের সঙ্গে তুলনা করার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই মধ্যে তাকে ডিটিসিএর দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।