যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সংবাদ সংগ্রহের সময় একটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
স্থানীয় সময় মঙ্গলবার শহরের চ্যাটসওয়ার্থ এলাকায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
সংবাদমাধ্যম এনবিসি লস অ্যাঞ্জেলেস জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের ‘নিউজচপার ৪’। দুর্ঘটনার আগে এটি একটি গুরুতর সড়ক দুর্ঘটনার সংবাদ সরাসরি সম্প্রচার করছিল।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, দুটি বাণিজ্যিক ভবনের মধ্যবর্তী একটি স্থানে হেলিকপ্টারটি আছড়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার পরপরই এতে আগুন ধরে যায়। পরে আগুন আশপাশের চারটি গাড়ি ও দুটি কনটেইনারে ছড়িয়ে পড়ে।
ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান জানান, দুর্ঘটনায় একজন ব্যক্তি হেলিকপ্টার থেকে ছিটকে বাইরে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে এনবিসি ফোর-এর উপস্থাপক কলিন উইলিয়ামস সরাসরি সম্প্রচারে হেলিকপ্টারে থাকা সহকর্মীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে একই এলাকায় একটি বাসের সঙ্গে একটি এসইউভির সংঘর্ষে দুজন নিহত ও ছয়জন আহত হন। ওই দুর্ঘটনার খবর সংগ্রহ ও সরাসরি সম্প্রচারের সময়ই সংবাদমাধ্যমের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।