September 16, 2026, 9:12 am

ঢাকা সেনানিবাসে ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শনকালে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে ডা. জুবাইদা রহমান । ছবি : সংগৃহীত

বিমান বাহিনীর ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শনে জুবাইদা রহমান

বিমান বাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত স্কুলটি পরিদর্শন করেন তিনি। সেখানে পৌঁছালে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের (ওডব্লিউসিসি) সভাপতি সালেহা খান তাকে স্বাগত জানান। এ সময় স্কুলের শিক্ষার্থীরাও তাকে অভ্যর্থনা জানায়।

পরিদর্শনকালে স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন জুবাইদা রহমান। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন থেরাপি কার্যক্রম সম্পর্কেও তিনি অবহিত হন।

তিনি স্কুলের হাইড্রোথেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি ও মিউজিক থেরাপি কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।

স্কুল কর্তৃপক্ষ জানায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাভাবিক ও স্বনির্ভর জীবনযাপনে সহায়তা করতে বর্তমানে ২৮ জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ও থেরাপিস্ট কাজ করছেন। পরিদর্শনের সময় স্কুলের অধ্যক্ষ প্রতিষ্ঠানটির শিক্ষা ও কারিগরি কার্যক্রম, থেরাপি সুবিধা এবং মেডিকেল ইমার্জেন্সি ব্যবস্থাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জুবাইদা রহমানকে বিস্তারিত জানান।

২০২১ সালে বাফওয়ার উদ্যোগে ‘ব্লু স্কাই’ স্কুল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক এবং একজন সিস্টার বা ব্রাদারের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে বেশ কয়েকজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মূলধারার শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়েছে। এছাড়া কারিগরি শিক্ষার মাধ্যমে কয়েকজন শিক্ষার্থীকে সহকারী থেরাপিস্ট হিসেবে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়েছে।

পরে বাফওয়ার বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে ‘বাফওয়া কর্নার’ পরিদর্শন করেন জুবাইদা রহমান। সেখানে তিনি বাফওয়া ক্রাফটস অ্যান্ড বুটিক, বাফওয়া দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রকল্প এবং বাফওয়া ইন্ডাস্ট্রিয়াল হোমের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে জানেন। এ সময় প্রশিক্ষণার্থীদের তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রীও পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে ‘ব্লু স্কাই’ স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ডা. জুবাইদা রহমান।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘ব্লু স্কাই’ স্কুলে দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বাফওয়ার বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন জুবাইদা রহমান।

অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন), বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী ও সদস্যরা, বাফওয়া এ কে খন্দকার ও বাশারের সভানেত্রী ও সহ-সভানেত্রী এবং বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা