নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে যুবদল নেতার নাম ও ছবি ব্যবহার করে মাদক বিতরণের ঘোষণা-সংবলিত পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব পোস্টার দেখা যায়।
পোস্টারে লেখা হয়েছে, ‘আসন্ন ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি গাঁজার ডিলার (খোকন) চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি কথা দিচ্ছি, আমি চেয়ারম্যান হিসেবে জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রি দিবো।’
এ ছাড়া পোস্টারে বেকারদের জন্য গাঁজা, ‘গাঁজা ভাতা’, মাদকসেবীদের জন্য বিশেষ কার্ড, স্কুল-কলেজের সামনে বিনা মূল্যে মাদক সরবরাহ এবং চাঁদাবাজিসহ বিভিন্ন ব্যঙ্গাত্মক স্লোগান লেখা রয়েছে।
পোস্টারগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা ধরনের মন্তব্য করেন স্থানীয়রা। কেউ কেউ পোস্টারটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন, আবার কেউ এর পেছনে প্রতিহিংসার বিষয় থাকতে পারে বলে ধারণা প্রকাশ করেছেন।
তবে পোস্টারে নিজের নাম ও ছবি ব্যবহারের বিষয়টি অস্বীকার করে সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকন দাবি করেছেন, তাকে হেয় করতে এসব পোস্টার লাগানো হয়েছে।
খোকনের ভাষ্য, পাঁচ দিন আগে তার ছেলেকে ইউনিয়ন জামায়াতের আমির হাসেমের ছেলে চড় মারেন। এ ঘটনার প্রতিবাদ করায় তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি জানতে পেরে তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে এসব পোস্টার লাগানো হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, পোস্টার লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, পোস্টার লাগানোর ঘটনাটি যাচাই করা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।