September 14, 2026, 4:31 pm

আগুন লাগার খবরে নিচে নেমে আসেন রোগী ও স্বজনরা

ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, আতঙ্কে আহত কয়েকজন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের একটি লিফটের কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ভবনের অষ্টম তলায় এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ সময় দ্রুত নিচে নামতে গিয়ে হুড়োহুড়িতে কয়েকজন পড়ে গিয়ে আহত হন। তবে আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন জানান, সন্ধ্যার দিকে হাসপাতালের নতুন ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সময় ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া ছিল।

তিনি বলেন, আগুনের ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে হুড়োহুড়ি করে নিচে নামার চেষ্টা করলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় কয়েকজন পড়ে গিয়ে আঘাত পান।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, প্রাথমিকভাবে লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং চিকিৎসাসেবা কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে।

তিনি আরও জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর রোগীদের নিজ নিজ ওয়ার্ডে ফিরে যেতে মাইকিং করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, নতুন আটতলা ভবনের একটি লিফটের কন্ট্রোল রুমে থাকা কন্ট্রোলার মেশিনের বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অতিরিক্ত উত্তাপ সৃষ্টি হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা