September 14, 2026, 11:35 am

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত কয়েকজন

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি মোতাসিম বিল্লাহসহ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে গ্রাহক ফোরাম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত কর্মকর্তা ও সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা।

চাকরি পুনর্বহালের দাবিতে সেখানে বিভিন্ন স্লোগান দেন চাকরিচ্যুত কর্মকর্তারা। অন্যদিকে, নিরপেক্ষ পরিচালনা পর্ষদসহ কয়েকটি দাবিতে কর্মসূচি পালন করছিল সচেতন গ্রাহক ফোরাম।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে গ্রাহক ফোরামের সহসভাপতি মোতাসিম বিল্লাহসহ কয়েকজন আহত হন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাকরিচ্যুত কর্মকর্তাদের ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দেয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষের পর আয়োজিত সংবাদ সম্মেলনে সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা