রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগে ৩২, ওয়ারীতে ৭৭, মতিঝিলে ৫৮, তেজগাঁওয়ে ৯২, মিরপুরে ১৩৮, গুলশানে ৫৩ এবং উত্তরা বিভাগে ৫৬ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ দুজন করে মোট চারজনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ২ হাজার ৩২১ পিস ইয়াবা, ২ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, আট বোতল ফেনসিডিল এবং পাঁচ বোতল বিদেশি মদ।
এ ছাড়া পুলিশের অভিযানে আটটি মোবাইল ফোন, ২০০ গজ ইন্টারনেট কেবল, একটি বাস ও নগদ ১২ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি দেশীয় ওয়ান শ্যুটারগান, একটি সামুরাই এবং ২৭ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।