September 14, 2026, 6:04 am

ইয়েমেনে এক দিনে সৌদি আরবের ৫৮ বিমান হামলার দাবি, পাল্টা জবাবের হুঁশিয়ারি

ইয়েমেনের বিভিন্ন প্রদেশে গত ২৪ ঘণ্টায় সৌদি আরব ৫৮টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। এসব হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।

রোববার ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, গত ২৪ ঘণ্টায় তাইজ, লাহিজ, আল-জাওফ, হাজ্জাহ, আল-বায়দা ও সাদা প্রদেশে এসব হামলা চালানো হয়।

তিনি দাবি করেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমানঘাঁটি থেকে এফ-১৫ যুদ্ধবিমান ব্যবহার করে হামলাগুলো পরিচালনা করা হয়েছে।

ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের জনগণের ওপর চালানো সৌদি হামলার জবাব দেওয়া হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইয়েমেনের জনগণের ওপর হামলা কোনোভাবেই জবাবহীন থাকবে না এবং এর শাস্তি আসছে।

এর আগে রোববার ইয়েমেনের একটি টেলিভিশন চ্যানেল জানায়, সৌদি যুদ্ধবিমান দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাইজ এবং উত্তর-পশ্চিমাঞ্চলের সাদা প্রদেশের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক কয়েক দিনে ইয়েমেনে সৌদি বিমান হামলার মাত্রা বেড়েছে। এর মধ্যে ইয়েমেনের শাসক আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যবর্তী কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কয়েকটি অবস্থানে অগ্রসর হয়েছে বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা