September 13, 2026, 5:54 pm

ব্রিকস সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসের দেশগুলোর সঙ্গে কাজ করবে চীন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসের সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রসঙ্গ তুলে শি জিনপিং বলেন, এ ধরনের সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়ের সামগ্রিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চীন ব্রিকসের অন্যান্য সদস্য দেশের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত।

ব্রিকসকে ‘গ্লোবাল সাউথের’ একটি গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় জোট হিসেবে উল্লেখ করেন চীনা প্রেসিডেন্ট। উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর আত্মনির্ভরশীলতার একটি মডেল হিসেবেও তিনি এ জোটের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে উদ্ভাবননির্ভর উন্নয়নকে আরও উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

বর্তমানে ব্রিকস জোটের সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। ২০০৯ সালে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থার বিকল্প শক্তি হিসেবে জোটটির যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে সদস্য সংখ্যা বাড়লেও বিভিন্ন দেশের ভিন্ন ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের কারণে অভিন্ন সিদ্ধান্তে পৌঁছানো এখনো জোটটির জন্য বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছে রয়টার্স।

ব্রিকসের সদস্য দেশগুলোতে বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশের বেশি মানুষের বসবাস। বিশ্ব অর্থনীতিতেও এসব দেশের সম্মিলিত অংশ প্রায় এক-চতুর্থাংশ।

এদিকে ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে নয়াদিল্লিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিজস্ব নিরাপত্তা দলের পাশাপাশি ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোও সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

সম্মেলনে শি জিনপিং জানান, আগামী বছর ব্রিকসের চেয়ারম্যানের দায়িত্ব নেবে চীন। একই সঙ্গে ১৯তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজনও করবে দেশটি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা